|
রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধর, আনসার সদস্যদের সম্পৃক্ততা নিয়ে যা জানালো বাহিনী
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য।সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবির এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে রাবির শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। আনসার বাহিনী বলছে, ওই সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাঁদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, আনসার সদস্য নন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাই ওই ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো বিষয় নেই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবির শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্য জড়িত ছিলেন না। প্রকৃত তথ্য যাচাই না করে এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে আনসার বাহিনী। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে তারা। |