|
চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয় সুপ্রিম কোর্টের মেইন গেটে
নতুন বার্তা, ঢাকা:
|
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চলন্ত একটি মোটরসাইকেল থেকে ককটেলটি ছোড়া হয়। কদম ফোয়ারার দিক থেকে এসে ককটেল ছুড়ে মোটরসাইকেলটি মৎস্য ভবনের দিকে চলে যায়। তবে এখন পর্যন্ত ককটেল ছোড়া ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ আসামিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৪ সেপ্টেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। |