|
পঞ্চগড়ে কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধিঃ
|
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চীনের খ্যাতনামা ব্যবসায়িক প্রতিষ্ঠান জুলং গ্রুপ। প্রতিষ্ঠানটির জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং-এর নেতৃত্বে চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা। প্রতিমন্ত্রী বলেন, সরকারের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরী হবে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বলেন, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে। বিদেশী বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেয়া হবে। এতে এলাকার বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। এদিকে এলাকা পরিদর্শন শেষে বিদেশী প্রতিনিধিরা জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান। পরে প্রতিমন্ত্রীসহ দেশীয় ও বিদেশী প্রতিনিধি দলটি পঞ্চগড়ের বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশলী, জেলা ও উপজেলান বিএনপির নেতৃবৃন্দ ও পঞ্চগড় চিনিকলের সাবেক শ্রমিক ও স্থানীয় আখচাষী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |