|
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতঃ সাংবিধানিক স্বীকৃতিসহ সাত দফা দাবি
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানানো হয়।রোববার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সভাপতিত্ব করেন সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি হারানো, দারিদ্র্য, শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়াসহ নানা সংকটে রয়েছেন আদিবাসীরা। বিশেষ করে সমতলের আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভূমির অধিকার নিয়ে সমস্যায় রয়েছেন। ভূমি তাদের কাছে শুধু সম্পত্তি নয়, জীবন, সংস্কৃতি ও অস্তিত্বের অংশ। তাই প্রথাগত ভূমি অধিকার সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার পক্ষে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯৭ ধারা বাস্তবায়ন, সরকারি বিভিন্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ভাষা-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, আদিবাসী ভাষায় শিক্ষা কার্যক্রম চালু এবং মুন্ডাসহ আদিবাসীদের নামে খাসজমির কাগজপত্র প্রদান। পরে আয়োজকেরা জেলা প্রশাসকের কাছে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। |