|
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
"জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না" এমন কঠিন প্রতিজ্ঞা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে নদী তীরবর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার (২৯ জুন) রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ দিনভর নদীপাড়ে অবস্থান নেন। সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসলে স্থানীয়রা বাধা দেয়। কিন্তু ভূমিদস্যুরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসীর বাধায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙ্গনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। কিন্তু ভূমিদস্যুরা রাতের আঁধারে হরহামেশাই পদ্মা বাঁধের পাশ থেকেই ড্রেজার মেশিন দিয়ে অবাধে মাটি-বালু কেটে নিয়ে যায়। এতে পদ্শার বাঁধ যেমন হুমকিতে পড়ছে, ঠিক তেমনি ভাঙ্গণের শিকার অসহায় গ্রামবাসী পরিবার পরিজন নিয়ে দুশচিন্তায় রাত কাটায়। এদিকে দফায় দফায় এখানে বালু উত্তোলন না করতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানালেও তা না মেনে কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচেই বালু উত্তোলনের বারবার চেষ্টা চলছে। আর তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিয়ে হলেও বালু উত্তোলন বন্ধ রুখে দিয়েছেন গ্রামবাসী। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাধা দেয়। পরবর্তীতে এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি। |