|
ব্রাজিলের একাদশে পরিবর্তন আনছেন আনচেলত্তি
নতুন বার্তা, ঢাকা:
|
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করায় বেশ সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে প্রথম ম্যাচের এই ধাক্কায় একেবারেই আতঙ্কিত নন সেলেসাওদের মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলত্তি।আগামীকাল শুক্রবার ভোরে গ্রুপ ‘সি’র ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল আগের ভুলগুলো শুধরে নেবে বলেই মনে করেন তিনি। নিজেদের উদ্বোধনী ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে মরক্কো শুরুতে এগিয়ে গেলে বড় বিপদে পড়েছিল ব্রাজিল। শেষ পর্যন্ত ভিনিসিউস জুনিয়রের জাদুকরী এক ঝলকে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তারা। এবার ফিলাডেলফিয়ায় শুক্রবার ব্রাজিলের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম পুঁচকে দল হাইতি, যারা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে। শক্তির বিচারে এই ম্যাচে ব্রাজিলের বড় জয় অনুমেয় হলেও আনচেলত্তি মূলত দলের সামর্থ্য ও উন্নতির দিকেই বেশি নজর দিচ্ছেন। ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড ব্রাজিলের একাদশ কেমন হবে তা খোলসা না করলেও ইঙ্গিত দিয়েছেন, দলে একঝাঁক পরিবর্তন না এনে কিছু জায়গায় সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘আমরা কিছু পরিবর্তন আনতে যাচ্ছি... আমাদের ভারসাম্য এবং খেলার ধরণ আরো উন্নত করতে হবে। আমরা এর চেয়েও ভালো করতে পারি এবং আমাদের আরো ভালো করতেই হবে।’ প্রথম ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সের ঘাটতির পেছনে ঐতিহাসিক ‘হলুদ জার্সি’র বাড়তি চাপকে অন্যতম কারণ মনে করছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘প্রথম হাফটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর মানসিক চাপ হয়তো খেলোয়াড়দের অবচেতন মনে কিছুটা প্রভাব ফেলেছিল।’ তিনি আরো যোগ করেন, ‘শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ, তবে এটাই সব নয়। মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে যারা ভালো করতে পারেনি, তাদের আমি আরো সুযোগ দিতে চাই। সে ম্যাচে আমাদের দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে আমি মনে করি না প্রথম ম্যাচগুলো বিশ্বকাপের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দেবে।’ |