|
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বুধবার তিনি এই পরিদর্শণ করেন।সকালে রাজশাহী থেকে রওয়ানা দিয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে আসেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তিনি প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শণ ঘুরে দেখেন এবং সোনামসজিদ পরিদর্শণ করেন। এরপর রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সাথে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। সফরকালে রাষ্ট্রদূত স্থলবন্দর এলাকায় অবস্থিত তহাখানা মসজিদ, হযরত শাহ নেয়ামতুল্লাহ'র মাহজারসহ প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাকে স্থাপনাগুলোর গুরুত্ব ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয়। মার্কিন রাষ্ট্রদূতের সফরে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাষ্ট্রদূতের এই সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আরও সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা। পরিদর্শন শেষে বিকালে সোনামসজিদ স্থলবন্দর থেকে সড়কপথে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। |