|
জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও আপন বোন। উপজেলার পুনট ইউনিয়নের বফলগারি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আক্কাস আলী (৬০)বফলগাড়রি গ্রামের মৃত মূলাতনের ছেলে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতারের সময় ছেলে গোলাপ হোসেন (৩৫) তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে দেশীয় অস্ত্র বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মা ও বোন তাকে থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় গোলাপ হোসেন। এতে মা ও বোন শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মা গুরুতর আহত হন। প্রতিবেশীরা এ সময় তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করেন। বগুড়া মেডিকেলে যাওয়ার পথেই আক্কাস আলী মারা যান। অন্যদিকে নিহত আক্কাস আলীর স্ত্রী ও ও তার মেয়েকে গুরুতর অবস্থায় ভর্তি করানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরে গ্রামবাসী তাদেরকে হাসপাতালে পাঠানোর পরে বাড়িতে প্রবেশ করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গোলাপ হোসেনকে থানায় গ্রেপ্তার করানো হয়েছে। |