|
আওয়ামী লীগ নেতার সাথে ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক, ‘এআই বা কারসাজি’ দাবি মহিলা দল নেত্রীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
রাজধানীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজের সঙ্গে বনানী থানা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি বেগমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে জোর বিতর্ক ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের পাশাপাশি বিউটি বেগম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলেও দাবি করছেন বিরোধীদের একাংশ। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে ছড়িয়ে পড়া ছবিটিকে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) বা এডিটিংয়ের মাধ্যমে তৈরি বলে দাবি করেছেন বিউটি বেগম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজের পাশে বিউটি বেগমকে দেখা যায়। পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানান মন্তব্য শুরু হয়। এক পক্ষের দাবি, বিউটি বেগম অতীতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে ছবিটির বিষয়ে বিউটি বেগম বলেন, "আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিটি তৈরি করেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না।" নিজের রাজনৈতিক অবস্থান ও রাজপথের সক্রিয়তা প্রমাণের অংশ হিসেবে বিউটি বেগম পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ম্যাডাম এর সাথে রোড মার্চে’। ছবিটি পোস্ট করার মাধ্যমে বিউটি বেগম বোঝাতে চেয়েছেন যে তিনি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং বিগত দিনের রাজপথের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এদিকে, বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ছবিটির সত্যতা যাচাই এবং ঘটনাটিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। |