|
সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ইভটিজিং, যুবকের এক বছরের কারাদণ্ড
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
|
জামালপুরের সরিষাবাড়ীতে এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে সুজন মিয়া (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারইপটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন বেকারি কারিগর। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বারইপটল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী টিফিনের সময় বারইপটল মোড়ের একটি দোকান থেকে খাবার কিনে বিদ্যালয়ে ফিরছিল। এ সময় পথে সুজন মিয়া ওই শিক্ষার্থীর হাত ধরে টেনে-হিঁচড়ে পাশের কলাবাগানে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে অশালীন কথাবার্তা বলেন। শিক্ষার্থী শক্তি প্রয়োগ করে সুজনের কাছ থেকে ছুটে বিদ্যালয়ে ফিরে আসে। পরে বিষয়টি প্রধান শিক্ষক ও সহপাঠীদের জানালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুজন মিয়াকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসে। এ সময় শিক্ষার্থীরা জড়ো হয়ে তাকে আটক করে রাখে। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সুজন মিয়া দোষ স্বীকার করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, “ইভটিজিংয়ের অপরাধে বেকারি কারিগরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।” |