|
মহাখালীর শীর্ষ মাদক কারবারি শরীফ ও সহযোগী গ্রেফতার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
হাবিব সরকার স্বাধীন, নিজস্ব প্রতিবেদক:
|
রাজধানীর মহাখালী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি শরীফ (৪০) এবং তার প্রধান সহযোগী আশিককে (৩০) গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ দীর্ঘদিন ধরে মহাখালী ও এর আশপাশ এলাকায় একটি শক্তিশালী মাদকের নেটওয়ার্ক চালিয়ে আসছিল। তার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় এলাকাবাসী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মহাখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "শরীফের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছিল। দিন-দুপুরেও ওর লোকজনের মাধ্যমে মাদক বিক্রি হতো। কোনো প্রতিবাদ করার সাহস কারো ছিল না। পুলিশ তাকে গ্রেফতার করায় আমরা বড় ধরনের স্বস্তি পেয়েছি।" অভিযানের বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, "শরীফ ওই এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তাকে আমরা নজরদারিতে রাখছিলাম। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শরীফ ও তার সহযোগী আশিককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।" তিনি আরও জানান, গ্রেফতারকৃত শরীফ ও আশিকের বিরুদ্ধে বনানী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। |