|
ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় কালশী মোড়ে ছিনতাইকারী আটক, মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর কালশী মোড়ে ট্রাফিক পুলিশের এক সদস্যের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।আটক ব্যক্তির নাম মানিক। তাঁর বাবার নাম আবুল। তিনি ঢাকার শাহপরান বস্তি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টা ১৩ মিনিটের দিকে কালশী মোড় ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি দায়িত্ব পালনকালে এক ব্যক্তিকে একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ধাওয়া করেন এবং কিছু দূর গিয়ে আটক করতে সক্ষম হন। আটকের পর তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল, একটি আংটি ও গলার চেইন উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগীদের শনাক্ত করে উদ্ধার করা মালামাল তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনার পর ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট পুলিশ সদস্যের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক সদস্যদের এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেন। |