|
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
সাতক্ষীরা প্রতিনিধি:
|
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা নেটওয়ার্ক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ-২০২৬ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার।বৃহস্পতিবার ১৮ জুন আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে তাকে এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 'Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region' প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের মধ্যে তিনি অন্যতম। আসাদুজ্জামান সরদার বর্তমানে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন ও যশোরে পাঠকপ্রিয়তার শীর্ষে থাকা দৈনিক সুবর্ণভূমির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রিয় দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন। এই ফেলোশিপের আওতায় তিনি সাতক্ষীরা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ু উদ্বাস্তু, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সাংস্কৃতিক অস্তিত্বের সংকট, সুপেয় পানির অভাব এবং উপকূলীয় স্বাস্থ্যঝুঁকির মতো গুরুত্বপূর্ণ মানবিক ও পরিবেশগত সংকটগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবেন। এই গবেষণামূলক প্রতিবেদন তৈরির জন্য তাকে আর্থিক অনুদান ও আন্তর্জাতিক মেন্টরশিপ প্রদান করবে সংস্থাটি। দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে মাঠপর্যায়ে সাহসী সাংবাদিকতা করায় এবং আন্তর্জাতিক এই গৌরবময় স্বীকৃতি পাওয়ায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। |