|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান ট্রাক ভর্তি সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চৌকা সীমান্তে পৃথক দুই অভিযানে দুই জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এ সময় ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশা জাতীয় এসকাফ সিরাপ এবং ৫ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও দুটি মোবাইল ফোন। বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।আটককৃতরা হলো- কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মোজাফ্ফরগঞ্জ এলাকার পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকার জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে নাঈম ইসলাম (১৮)। অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১০টায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় প্রানীসম্পদ কোয়ারেন্টাইনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশী করা হলে ট্রাকের পেছনে ৭টি প্লাস্টিকের বস্তায় ২ হাজার ৮৫ বোতল ভারতীয় নেশা জাতীয় এসকাফ সিরাপ উদ্ধারসহ রিয়াদ হোসেনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এদিকে অপর এক অভিযানে একই দিন রাত সাড়ে ৯টায় ব্যাটালিয়নের চৌকা বিওপির নায়েক সুরজিত নাগের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট গ্রামে অভিযান পরিচালনা করে ৫ শত ৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ নাঈমকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত ট্রাক এবং জব্দকৃত ৭০ লক্ষ ৩৫ হাজার টাকার নেশাজাতীয় সিরাপ, মোবাইল ফোন ও ইয়াবা ট্যাবলেট শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সকল প্রকার চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। |